
সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ,দেশের অন্যতম স্পর্শকাতর ও কেইপিআই (Key Performance Indicators) ভুক্ত এলাকা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল পদ্মা অয়েল ডিপো। বিমান চলাচলের মূল চালিকাশক্তি ‘জেট এ-ওয়ান’ (Jet A-1) সহ জাতীয় গুরুত্বপূর্ণ জ্বালানি তেল প্রতিনিয়ত এই ডিপো থেকে ট্যাংকলরি যোগে দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হয়। তবে অতি সংবেদনশীল এই কেপিআই এলাকাটিকে ঘিরে সম্প্রতি গভীর শঙ্কা ও চরম নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।
অভিযোগ উঠেছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলতে এবং স্পর্শকাতর এই জ্বালানি খাতকে জিম্মি করার উদ্দেশ্যে বিগত ফ্যাসিস্ত আওয়ামী লীগ সরকারের দোসর ও মামলার আসামিদের বাংলাদেশ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের পদ্মা ডিপো ইউনিটের দায়িত্বে পুনর্বাসিত করা হচ্ছে। আর এই পুরো চক্রান্তের নেপথ্য থেকে মদদ দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী বিএনপি নেতার বিরুদ্ধে।
অনুসন্ধানে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং নাসিক ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি উকিল উদ্দিন ভূঁইয়া গোপনে এই প্রক্রিয়ার গাইড ও মূল শক্তি হিসেবে কাজ করছেন। তিনি দলীয় পদের অপব্যবহার করে বিগত সরকারের সহযোগীদের দিয়ে একটি পকেট কমিটি গঠন ও পরিচালনা করছেন, যা মূল ধারার রাজনীতির সাথে প্রতারণার শামিল।
বর্তমানে বাংলাদেশ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের পদ্মা ডিপো ইউনিটের মূল চালিকাশক্তিতে রয়েছেন বিগত ফ্যাসিস্ত আওয়ামী লীগ সরকারের দোসর ও শামীম ওসমানের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত একাধিক ব্যক্তি। তাদের মধ্যে ইউনিয়নের সভাপতি মোহাম্মদ জাহিদ হোসেন ও সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক হোসেন—উভয়েই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলার আসামি। এছাড়া উক্ত কমিটির আরেক প্রভাবশালী নেতা আল-আমিন ভূঁইয়া হলেন বিএনপি নেতা উকিল উদ্দিন ভূঁইয়ার আপন ভাতিজা। আত্মীয়তার সুযোগ এবং নেপথ্য রাজনৈতিক মদদকে কাজে লাগিয়ে এই চক্রটি কেপিআই এলাকার সংবেদনশীল কার্যক্রম নিয়ন্ত্রণ করছে।
সচেতন মহল ও পরিবহন বিশেষজ্ঞদের মতে, বিমানের বিশেষায়িত ‘জেট এ-ওয়ান’ জ্বালানি পরিবহনের মতো একটি অত্যন্ত সংবেদনশীল জায়গায় বৈষম্যবিরোধী মামলার আসামিদের আধিপত্য বহাল রাখা জাতীয় নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। যেকোনো মুহূর্তে কোনো ধরনের নাশকতা বা কৃত্রিম সংকট তৈরি করে বর্তমান সরকারকে কোণঠাসা করার গভীর চক্রান্ত বাস্তবায়নে এরা ব্যবহৃত হতে পারে।
এ বিষয়ে স্থানীয় সচেতন নাগরিক ও পরিবহন সংশ্লিষ্টরা অবিলম্বে কেপিআই ভুক্ত এই ডিপোর নিরাপত্তা জোরদার, ফ্যাসিস্ত সরকারের সহযোগী আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং এই চক্রান্তের পেছনে থাকা মদদদাতাদের খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ দাবি করেছেন।

