
নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী শহীদ জিয়া হল পুনর্নির্মাণ করে আধুনিক বহুতল ভবন হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে নগরীর চাষাঢ়ায় শহীদ জিয়া হল পুনর্নির্মাণের লক্ষ্যে মাটি পরীক্ষা (সয়েল টেস্ট) কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
এ সময় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলম উপস্থিত ছিলেন।
আবুল কালাম বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে আমাদের জিয়া হল নারায়ণগঞ্জের একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে জনগণের দাবি ছিল, পুনর্নির্মাণের মাধ্যমে আমরা যেন এই ঐতিহ্য ধরে রাখি।”
তিনি বলেন, “আজ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনের সঙ্গে টিমওয়ার্কের মাধ্যমে এখানে সয়েল টেস্টের কার্যক্রম শুরু করলাম।”
জিয়া হল পুনর্নির্মাণের বিষয়ে তিনি বলেন, “আশা করি, সবার সহযোগিতা নিয়ে জিয়া হল আগের মতো নয়, আরও সুন্দরভাবে বহুতল ভবন হিসেবে আত্মপ্রকাশ করবে। জনগণের চাহিদা পূরণ হবে—এই বিশ্বাস রেখেই আজ আমরা এই কাজের সূচনা করেছি।”
এ সময় বিগত সরকারের সমালোচনা করে আবুল কালাম অভিযোগ করেন, “বিগত দিনে যে জুলুমবাজ সরকার ছিল, গত ১৭ বছরে এই প্রতিষ্ঠানের প্রতি তাদের অনীহার কারণে জিয়া হল বিলুপ্ত হয়ে গিয়েছিল।”
তিনি আশা প্রকাশ করেন, পুনর্নির্মাণের মাধ্যমে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটি নতুন রূপে ফিরে আসবে এবং নগরবাসীর চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

