
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য, মাদক কারবারি, মাদকসেবী ও পরোয়ানাভুক্ত আসামিসহ ৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) জেলার সাতটি থানা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। জেলা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা পুলিশ জানায়, পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় সাতটি থানা ও ডিবি পুলিশ একযোগে নিজ নিজ এলাকায় অভিযান চালায়।
পুলিশের তথ্য অনুযায়ী, সোনারগাঁ থানা পুলিশ ৫০টি ইয়াবাসহ এক মাদক কারবারি, এক মাদকসেবী ও পরোয়ানাভুক্ত ছয় আসামিসহ মোট নয়জনকে গ্রেপ্তার করে। নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ ৩ দশমিক ৩ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারি, এক মাদকসেবী ও পরোয়ানাভুক্ত তিন আসামিসহ পাঁচজনকে গ্রেপ্তার করে।
সিদ্ধিরগঞ্জ থানা এলাকা থেকে ১৬ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়। ফতুল্লা মডেল থানা পুলিশ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে।
এ ছাড়া রূপগঞ্জ থানা পুলিশ দুই মাদকসেবী, এক পরোয়ানাভুক্ত আসামি ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের তিন সদস্যসহ ছয়জন এবং বন্দর থানা পুলিশ দুই মাদকসেবী, দুই পরোয়ানাভুক্ত আসামি ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের এক সদস্যসহ পাঁচজনকে গ্রেপ্তার করে। ডিবি পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের আরও একজন সদস্যকে গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং মাদক ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে জড়িতদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে শনিবার রাতে জেলা এনসিপির আহ্বায়ক যুবাইর আহমেদ সরদারের নেতৃত্বে নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে প্রতিহত করার দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়।
এর আগে রূপগঞ্জের পূর্বাচল ৩০০ ফুট এলাকায় উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মাসুম চৌধুরী অপুর নেতৃত্বে মিছিল বের হওয়ার কথা জানায় পুলিশ। শুক্রবার রূপগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের মিছিলের প্রস্তুতিকালে ১৫ জনকে আটক করা হয়।
এ ছাড়া লাঙ্গলবন্দ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিলের ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়।
এসব ঘটনার পর নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে। সম্প্রতি শহরের বঙ্গবন্ধু সড়ক ও ফতুল্লার ইসদাইর এলাকাতেও আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের মিছিলের ঘটনা ঘটেছে।

