প্রি-পেইড মিটার বন্ধের দাবিতে সমাবেশ, মশাল মিছিল

জনদুর্ভোগ জেলাজুড়ে

প্রি-পেইড মিটার বন্ধ, গত তিন মাসের অস্বাভাবিক অতিরিক্ত বিদ্যুৎ বিল প্রত্যাহার এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ ও মশাল মিছিল হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় নগরীর চাষাঢ়া বিজয় স্তম্ভে বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা জাতীয় কমিটির নারায়ণগঞ্জ জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।

সমাবেশে বক্তারা বলেন, প্রি-পেইড মিটার ও অতিরিক্ত বিদ্যুৎ বিলের মাধ্যমে সাধারণ গ্রাহকদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। বিদ্যুৎ ব্যবহারের আগেই গ্রাহকের কাছ থেকে টাকা নেওয়ার এই ব্যবস্থার পরিবর্তন করতে হবে। প্রি-পেইড মিটারের বিরুদ্ধে প্রতিবাদ করায় বিভিন্ন স্থানে গ্রাহকদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

বক্তারা পাবনার নেতা তৌহিদুর রহমানসহ প্রি-পেইড মিটারের বিরুদ্ধে আন্দোলনকারী ১৮০ জনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে গত তিন মাসে গ্রাহকদের কাছ থেকে নেওয়া অস্বাভাবিক অতিরিক্ত বিল বাতিল এবং অতিরিক্ত আদায় করা অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থা করার দাবি জানানো হয়।

তারা বিদ্যুৎ খাতের আয়-ব্যয়ের বিস্তারিত হিসাব জনসমক্ষে প্রকাশেরও দাবি জানান। বিদ্যুৎ কোম্পানিগুলো কীভাবে গ্রাহকদের কাছ থেকে অর্থ আদায় করছে, সেই অর্থ কোথায় ব্যয় হচ্ছে এবং কীভাবে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ করা হচ্ছে এসব বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশের জন্য একটি শ্বেতপত্র প্রকাশের দাবি জানান বক্তারা।

সমাবেশে নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইলের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা মাহবুবুর রহমান মাসুম ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাজী রমজানুর রশিদ। বিভিন্ন মহল্লার প্রতিনিধি হিসেবে এস এম স্বাধীন, হাজী রুহুল আমিন, মাহমুদ হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।

অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল বলেন, জাতীয় বাজেট থেকে ৩০ হাজার কোটি টাকা, বিদ্যুৎ মন্ত্রণালয় থেকে ২০ হাজার কোটি টাকা এবং প্রায় পাঁচ কোটি গ্রাহকের বিদ্যুৎ বিল বাবদ ৭০ হাজার কোটি টাকা মোট প্রায় এক লাখ ২০ হাজার কোটি টাকা বিদ্যুৎ খাতে যায়। এই অর্থ কোথায় ব্যয় হচ্ছে তার হিসাব জনগণকে দিতে হবে।

সমাবেশ শেষে প্রি-পেইড মিটার বাতিল ও অতিরিক্ত বিদ্যুৎ বিল বন্ধের দাবিতে মশাল মিছিল বের করেন আন্দোলনকারীরা।

উল্লেখ্য, নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরাম প্রি-পেইড মিটার বাতিল ও অতিরিক্ত বিদ্যুৎ বিল বন্ধের দাবিতে ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *