বাসে আগুন

সিদ্ধিরগঞ্জে নীলাচল পরিবহনের বাসে আগুন

জাতীয় জেলাজুড়ে ঢাকা সারাদেশ সিদ্ধিরগঞ্জ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়কের পাশে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রোববার (২১ সেপ্টেম্বর) গভীর রাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের এসও ঈদগাহ মাঠসংলগ্ন নতুন সড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ১টা ৩৫ মিনিট থেকে ২টার মধ্যে সড়কের পাশে পার্কিং করে রাখা বাসটিতে আগুন দেওয়া হয়। মুহূর্তের মধ্যে আগুন বাসটির বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের নেতাকর্মীরা জড়িত বলে স্থানীয়ভাবে অভিযোগ উঠেছে। তবে তাৎক্ষণিকভাবে এ অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের আদমজী স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ২টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন।

অগ্নিকাণ্ডে বাসটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি।

ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে জানতে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের মুঠোফোনে সোমবার সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে পাঁচবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। পরে থানার পরিদর্শক (তদন্ত) মুজিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ডিউটি অফিসারের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। পরবর্তীতে তাঁর সঙ্গে আবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে ফোনে পাওয়া যায়নি।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) তারেক আল মেহেদী বলেন, “আমরা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *