সোনারগাঁয়ে ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহরে হামলা

সোনারগাঁ

নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। ঢাকা থেকে বান্দরবানের লামায় যাওয়ার পথে সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নে রবিবার (৮ ডিসেম্বর) দিবাগত রাতে এ হামলা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

হামলাকারীরা তাদের ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলার ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে কারা এই হামলার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

হাসনাত আবদুল্লাহ হামলার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসুদও তার ফেসবুক পোস্টে হামলার কথা উল্লেখ করেন। তিনি লেখেন, “আমরা প্রত্যেকেই জীবন বাজি রেখে চলি। যারা নারায়ণগঞ্জে আমার ভাই-বোনদের উপর হামলা করেছে, তাদের ক্ষমা নাই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *