
স্টাফ রিপোর্টার:আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর হাটে বরাবরের মতোই বিচিত্র নামের পশুর আনাগোনা শুরু হয়েছে। তবে এবার আলোচনার শীর্ষে উঠে এসেছে নারায়ণগঞ্জের একটি খামারের বিশাল আকৃতির এক মহিষ, যার নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’
নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় অবস্থিত ‘রাবেয়া অ্যাগ্রো ফার্মে’র এই মহিষটির ওজন প্রায় ৭০০ কেজিরও বেশি। খামারের স্বত্বাধিকারী জিয়াউদ্দিন মৃধা জানান, এটি বিরল ‘এলবিনো’ জাতের মহিষ। মহিষটির গায়ের রঙ গোলাপি আভাযুক্ত সাদা এবং কপালের ওপরের চুলের বিশেষ কাটিংয়ের সঙ্গে মার্কিন সাবেক প্রেসিডেন্ট ‘ডোনাল্ড ট্রাম্প’-এর চুলের স্টাইলের মিল থাকায় শখের বশেই এর এমন নামকরণ করা হয়েছে।
ব্যতিক্রমী এই নামের কারণে মহিষটি দেখতে প্রতিদিন খামারে ভিড় করছেন অসংখ্য উৎসুক মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমে এর ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ায় এটি এখন স্থানীয়দের মধ্যে অন্যতম আলোচনার বিষয় হয়ে উঠেছে।
খামার কর্তৃপক্ষ জানায়, অনেক ক্রেতা মহিষটি কেনার জন্য যোগাযোগ করলেও সেটি ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে। একজন শৌখিন ক্রেতা আগাম বুকিং দিয়ে মহিষটি কিনে নিয়েছেন।
খামারের কর্মচারীদের মতে, ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের এই মহিষটিকে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে লালন-পালন করা হয়েছে। প্রতিদিনের খাদ্যতালিকায় রয়েছে ঘাস, ভুট্টা ও ভুসির মতো সাধারণ দানাদার খাবার। শান্ত স্বভাবের এই মহিষটিকে বিশেষ নজরদারিতে বড় করা হয়েছে বলেও জানান তারা।
স্থানীয়দের মতে, কোরবানির ঈদ এলেই পশুর হাটে ক্রেতা ও দর্শনার্থীদের আকর্ষণ বাড়াতে ‘রাজা’, ‘সুলতান’ বা ‘বাহুবলী’র মতো ব্যতিক্রমী নাম রাখার চল দীর্ঘদিনের। তবে এবার আলোচিত বিশ্বনেতা ‘ডোনাল্ড ট্রাম্প’-এর নামে মহিষের নামকরণ করায় কোরবানির বাজারের প্রচারণায় নতুন মাত্রা যোগ হয়েছে।

