রাজধানীর মিরপুরে টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে নারীদের পর্নোগ্রাফি ভিডিও বিক্রয় ও সরবরাহের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মিরপুর বিভাগ।
গ্রেফতারকৃতের নাম জাহিদ হোসেন (২১)।
ডিবি সূত্রে জানা যায়, রোববার (২৬ এপ্রিল) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে মিরপুর থানার পশ্চিম শেওড়াপাড়া এলাকায় ওয়াসা পানির পাম্প সংলগ্ন একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গোয়েন্দা পুলিশ জানায়, রাজধানীতে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি-মিরপুর বিভাগের একটি দল জানতে পারে, ওই এলাকায় একটি বাসা থেকে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে পর্নোগ্রাফি বিক্রয়, ভাড়া, বিতরণ ও সরবরাহ করা হচ্ছে। পরে সেখানে অভিযান চালিয়ে জাহিদ হোসেনকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে পর্নোগ্রাফি বিক্রয় ও সরবরাহের কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন এবং একাধিক সিমকার্ড জব্দ করা হয়।
ডিবি সূত্র আরও জানায়, গ্রেফতারকৃত জাহিদ হোসেন ও তার সহযোগীরা মোবাইল ফোন এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম, বিশেষ করে টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে অর্থের বিনিময়ে নারীদের পর্নোগ্রাফি ভিডিও বিক্রয়, বিতরণ ও সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

