
নারায়ণগঞ্জ প্রতিনিধি:উৎসবমুখর পরিবেশ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, নারায়ণগঞ্জ শহর শাখার বার্ষিক পুরস্কার বিতরণী ও সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, নারায়ণগঞ্জ শহর শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সর্বমোট ৩৫ জন শিক্ষার্থী সবক গ্রহণ করে। এর মধ্যে ১৯ জন শিক্ষার্থী নতুন করে হিফযের সবক এবং ১৬ জন শিক্ষার্থী আমপারা সবক গ্রহণ করে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিভিন্ন ক্ষেত্রে অর্জনের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়। ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও মেধাক্রমে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। পাশাপাশি হিফয সমাপনকারী ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
সবক প্রদান ও অনুষ্ঠানের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ডিরেক্টর এবং তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, নারায়ণগঞ্জ শহর শাখার ব্রাঞ্চ চেয়ারম্যান আসলাম মিয়া।
পুরস্কার বিতরণী ও সমাপনী অধিবেশনে সভাপতিত্ব করেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ড. মীম আতিকুল্লাহ।
অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য দেন তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, নারায়ণগঞ্জ শহর শাখার শাখা প্রধান ইকবাল হোসাইন। তিনি অনুষ্ঠানটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের সবক প্রদান করেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ক্বারী ও এটিএন বাংলার প্রধান ক্বারী ক্বারী এ. কে. এম. ফিরোজ।
প্রধান অতিথির বক্তব্য দেন হাফেয মাওলানা নাজির মাহমুদ, সিনিয়র ইমাম ও খতিব, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগঠক, সমাজসেবক ও অভিভাবক হাফেজ আব্দুল মোমিন, তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, নারায়ণগঞ্জ শাখার প্রিন্সিপাল মো. কবির হোসাইনসহ তানযীমুল উম্মাহর বিভিন্ন শাখার শাখা প্রধান ও শাখা সহকারীগণ এবং ফাউন্ডেশনের অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান সঞ্চালনার নেতৃত্বে ছিলেন অত্র প্রতিষ্ঠানের শাখা সহকারী আহমদুল্লাহ নবীন। তাঁর সঙ্গে সঞ্চালনায় সহযোগিতা করেন শিক্ষার্থী যায়িদ নাসির, আব্দুল্লাহ আল মাবরুর ও মারিয়াম আন নূর।
বর্ণাঢ্য আয়োজন, শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ এবং অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়। সবক গ্রহণকারী ও পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ছিল আনন্দ-উচ্ছ্বাস।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের কুরআন শিক্ষা, নৈতিকতা, মেধা ও প্রতিভার বিকাশে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানটি শিক্ষার্থীদের দ্বীনি ও নৈতিক শিক্ষার পাশাপাশি মেধা, প্রতিভা ও কৃতিত্বের স্বীকৃতি প্রদানের একটি অনন্য আয়োজন হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

