সরকারি নির্ধারিত হারে ঢাকা-নারায়ণগঞ্জের বাসভাড়া নির্ধারণের দাবি

জনদুর্ভোগ জেলাজুড়ে

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে সরকার নির্ধারিত হার অনুযায়ী নন-এসি বাসের ভাড়া ৫৫ টাকা এবং শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ ৩০ টাকা নির্ধারণের দাবি জানিয়েছে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সংগঠনটির একটি প্রতিনিধি দল নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের কাছে স্মারকলিপি দিয়ে এ দাবি জানায়। একই সঙ্গে জেলায় সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

স্মারকলিপিতে বলা হয়, গত ২৩ সেপ্টেম্বর বিআরটিএর জারি করা প্রজ্ঞাপনে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মানিকগঞ্জ ও ঢাকা জেলার অভ্যন্তরে চলাচলকারী বাস ও মিনিবাসে যাত্রীপ্রতি কিলোমিটারের ভাড়া ১৭ পয়সা বাড়ানো হয়েছে। এর আগে গত ২৩ এপ্রিল নির্ধারিত ভাড়া ছিল কিলোমিটারপ্রতি ২ টাকা ৪৩ পয়সা। নতুন সিদ্ধান্তে তা বেড়ে ২ টাকা ৬০ পয়সা হয়েছে।

সংগঠনটির হিসাব অনুযায়ী, ঢাকা-নারায়ণগঞ্জ রুটের দূরত্ব ১৯ কিলোমিটার ধরে নতুন হারে ভাড়া দাঁড়ায় ৪৯ টাকা ৪০ পয়সা। এর সঙ্গে ফ্লাইওভার টোল বাবদ ৫ টাকা যোগ করলে মোট ভাড়া হয় ৫৪ টাকা ৪০ পয়সা। তবে বিআরটিএর নতুন প্রজ্ঞাপন জারির আগেই উৎসব ও বন্ধন পরিবহন যাত্রীপ্রতি ৬০ টাকা ভাড়া নেওয়া শুরু করে বলে স্মারকলিপিতে অভিযোগ করা হয়।

স্মারকলিপিতে আরও বলা হয়, গত ২৩ এপ্রিলের প্রজ্ঞাপন অনুযায়ী কিলোমিটারপ্রতি ২ টাকা ৪৩ পয়সা হিসেবে ১৯ কিলোমিটারের ভাড়া ছিল ৪৬ টাকা ১৭ পয়সা। এর সঙ্গে ৫ টাকা ফ্লাইওভার টোল যোগ করলে মোট ভাড়া দাঁড়ায় ৫১ টাকা ১৭ পয়সা। কিন্তু সে সময় যাত্রীদের কাছ থেকে ৫৫ টাকা করে নেওয়া হয়েছে বলে অভিযোগ সংগঠনটির। তাদের দাবি, এতে যাত্রীপ্রতি ৩ টাকা ৮৩ পয়সা অতিরিক্ত আদায় করা হয়েছে।

এ অবস্থায় দ্রুত ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নন-এসি বাসের ভাড়া ৫৫ টাকা এবং শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ ৩০ টাকা নির্ধারণসহ অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বির নেতৃত্বে স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উপদেষ্টা ভবানী শংকর রায়, সহসভাপতি ধীমান সাহা জুয়েল, বাসদের সদস্য সচিব আবু নাইম খান বিপ্লব, সিপিবির সাবেক সভাপতি হাফিজুল ইসলাম, সমমনার উপদেষ্টা দুলাল সাহা ও বাসদের জেলা সদস্য মাহমুদ হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *