টাকা আত্মসাতের অভিযোগ

সিদ্ধিরগঞ্জে এজেন্ট ব্যাংকে গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগ

ক্রাইম জাতীয় জেলাজুড়ে ঢাকা সিদ্ধিরগঞ্জ

গ্যাস বিল জমা না হওয়ায় শাখায় গ্রাহকদের হট্টগোল

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি এজেন্ট ব্যাংক শাখার বিরুদ্ধে গ্রাহকদের গ্যাস বিলের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, গ্রাহকদের কাছ থেকে বিলের টাকা গ্রহণ করলেও তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে জমা দেওয়া হয়নি।

রোববার (২৬ এপ্রিল) সকাল ১০টার দিকে সিদ্ধিরগঞ্জের হীরাঝিল আবাসিক এলাকার ১ নম্বর সড়কের ফেন্ডস টাওয়ারে অবস্থিত আল-আরাফাহ ইসলামী ব্যাংক–এর হাউজিং আউটলেট এজেন্ট শাখায় এ ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ গ্রাহকরা হট্টগোল করেন।

ভুক্তভোগী গ্রাহকরা জানান, তারা নিয়মিতভাবে ওই এজেন্ট ব্যাংকের মাধ্যমে তিতাস গ্যাস–এর বিল জমা দিয়ে আসছিলেন। কিন্তু সম্প্রতি তিতাস গ্যাস কর্তৃপক্ষ তাদের বকেয়া বিলের কথা জানিয়ে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। পরে জমার রসিদ দেখালে যাচাই-বাছাই করে দেখা যায়, সংশ্লিষ্ট বিলের টাকা গ্যাস কর্তৃপক্ষের কাছে জমা হয়নি।

হীরাঝিল এলাকার বাসিন্দা কামাল বলেন, “আমি দীর্ঘদিন ধরে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় গ্যাস বিল জমা দিচ্ছি। কিন্তু সম্প্রতি তিতাস গ্যাস কর্তৃপক্ষ আমার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। পরে জানতে পারি, আমার প্রায় এক লাখ তিন হাজার টাকা জমা হয়নি।”

একই অভিযোগ করেন সিআই খোলা এলাকার বাসিন্দা মো. সালাম। তিনি বলেন, “আমার নয় মাসের গ্যাস বিল জমা দেওয়া হয়নি। ব্যাংকের ভাউচারে ভুয়া সিল ব্যবহার করে টাকা আত্মসাৎ করা হয়েছে বলে সন্দেহ করছি।”

আরেক ভুক্তভোগী জসিম উদ্দিন জানান, তারও কয়েক মাসের গ্যাস বিল জমা হয়নি। এ কারণে তিতাস গ্যাস কর্তৃপক্ষ তার সংযোগ বিচ্ছিন্ন করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হীরাঝিল এলাকায় এজেন্ট ব্যাংক শাখাটি চালু হওয়ার পর থেকে বিভিন্ন কৌশলে গ্রাহকদের কাছ থেকে বিলের টাকা নেওয়া হলেও তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে জমা না দেওয়ার অভিযোগ রয়েছে। এ ঘটনায় এজেন্ট শাখার মালিক জহির, ক্যাশিয়ার আল মামুন ও অপারেশন অফিসার সবুরের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ তুলেছেন এলাকাবাসী।

অভিযুক্তদের মধ্যে ক্যাশিয়ার আল মামুন ও অপারেশন অফিসার সবুর জানান, বিষয়টি নিয়ে প্রথমে তারা বিভিন্ন অজুহাত দিলেও পরে মালিক জহিরের দিকে দায় চাপান। তাদের দাবি, গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার জন্য মালিককে একাধিকবার বলা হলেও তিনি তা করেননি।

এ বিষয়ে আল-আরাফাহ ইসলামী ব্যাংক–এর উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আমিনুল ইসলাম বলেন, “হীরাঝিলের এজেন্ট ব্যাংক শাখা সফটওয়্যার সমস্যার যে অজুহাত দেখিয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এজেন্ট ব্যাংকের কারণে আমাদের ব্যাংকের ভাবমূর্তি ক্ষুণ্ন হলে কাউকে ছাড় দেওয়া হবে না।”

তিনি আরও জানান, অভিযোগের বিষয়ে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *