শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী

রপ্তানি কমার মূল কারণ জ্বালানি নয়, বৈশ্বিক মন্দা: শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী

অর্থনীতি জাতীয় জেলাজুড়ে ঢাকা সারাদেশ সিদ্ধিরগঞ্জ

রপ্তানি কমার পেছনে জ্বালানি সংকটকে প্রধান কারণ হিসেবে দেখার প্রবণতাকে নাকচ করে দিয়েছেন শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, বিদ্যুৎ উৎপাদনের পর অগ্রাধিকার ভিত্তিতে তা বেসরকারি শিল্পকারখানায় সরবরাহ করা হয়। ফলে শুধুমাত্র জ্বালানি সংকটকে দায়ী করা ঠিক নয়; বরং বৈশ্বিক বাজারে চলমান মন্দাই রপ্তানি হ্রাসের অন্যতম প্রধান কারণ।

শনিবার (২৫ এপ্রিল) সকাল ১১টার দিকে নারায়ণগঞ্জের গোদনাইলে অবস্থিত সাবেক চিত্তরঞ্জন কটন মিল এলাকায় গড়ে ওঠা নতুন নিট শিল্পপল্লী পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ভবিষ্যৎ শিল্পায়ন পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী নতুন উদ্যোক্তাদের প্রতি জ্বালানি সাশ্রয়ী কারখানা গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন,
“আগামী দিনে যারা বিনিয়োগ করবেন, তারা যেন জ্বালানি নির্ভর (ফুয়েল ইনটেনসিভ) শিল্পের পরিবর্তে কম জ্বালানি ব্যবহার করে এমন প্রযুক্তিনির্ভর কারখানা স্থাপনে গুরুত্ব দেন।”

জ্বালানির দাম বৃদ্ধিকে অজুহাত করে পরিবহন ভাড়া বা নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিকভাবে বাড়ানোর সুযোগ নেই বলেও হুঁশিয়ারি দেন মন্ত্রী। এ ক্ষেত্রে সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন (বিটিএমসি)-এর জমি ব্যবহার প্রসঙ্গে মন্ত্রী জানান, ইতোমধ্যে দুটি প্লটে শিল্পকারখানা স্থাপিত হয়েছে এবং একই প্রতিষ্ঠান আরও দুটি প্লট নেওয়ার প্রক্রিয়ায় রয়েছে। বাকি প্লটগুলোতে কিছু স্থানীয় দখলসংক্রান্ত জটিলতা রয়েছে, যা দ্রুত সমাধান করে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করা হবে।

পরিদর্শনকালে মন্ত্রী প্রতিনিধি দলের সদস্যদের নিয়ে ‘বর্ণালী কালেকশন লিমিটেড’ নামের একটি পোশাক কারখানা ঘুরে দেখেন এবং অন্যান্য প্লটের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, বিটিএমসি চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এসএম জাহিদ হাসান, জেলা প্রশাসক মো. রায়হান কবির, অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তারসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *