জাতীয়তাবাদী কৃষক দল

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ফয়সালকে কৃষক দলের পর ট্যাংকলরী ওনার্স অ্যাসোসিয়েশন থেকেও অব্যাহতি

ক্রাইম জাতীয় জেলাজুড়ে রাজনীতি সারাদেশ সিদ্ধিরগঞ্জ

নারায়ণগঞ্জ প্রতিনিধি:নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পদ্মা অয়েল পিএলসির গোদনাইল ডিপোর কর্মীদের কাছে চাঁদা দাবির অভিযোগে করা মামলায় গ্রেপ্তার নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মাহমুদ ফয়সালকে এবার বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স অ্যাসোসিয়েশন থেকেও সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। এর আগে তাকে জাতীয়তাবাদী কৃষক দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ব্যাসদেব রায় বিকাশ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনটির পদ্মা অয়েল কোং গোদনাইল, নারায়ণগঞ্জ শাখার সাংগঠনিক সম্পাদক মো. সাইফুদ্দিন মাহমুদ ফয়সালের বিরুদ্ধে একাধিক চাঁদাবাজিসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একাধিক মামলা হয়েছে। বিষয়গুলো বিভিন্ন গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে।

এ অবস্থায় সংগঠনের সাংগঠনিক নীতিমালাবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত ২৩ সেপ্টেম্বর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার স্বার্থে তাকে সাংগঠনিক সম্পাদকের পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

একই সঙ্গে সংগঠনের সব নেতাকর্মীকে সাইফুদ্দিন মাহমুদ ফয়সালের সঙ্গে বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স অ্যাসোসিয়েশনের সাংগঠনিক কোনো কার্যক্রমে অংশ না নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দলীয় নীতি, আদর্শ, শৃঙ্খলা ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার ‘সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে’ সাইফুদ্দিন মোহাম্মদ ফয়সালকে জাতীয়তাবাদী কৃষক দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়।

জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে দলীয় নেতাকর্মীদের ফয়সালের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখার জন্যও অনুরোধ করা হয়েছে। সিদ্ধান্তটি কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল অনুমোদন করেছেন।

প্রসঙ্গত, সাইফুদ্দিন মাহমুদ ফয়সালকে গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গ্রেপ্তার করে।

মামলার অভিযোগে বলা হয়েছে, পদ্মা অয়েল পিএলসির গোদনাইল ডিপোর জেট-এ-১ পয়েন্টে চেকার হিসেবে কর্মরত মো. রফিকুল ইসলামের কাছে গত ১ জুলাই সকাল আনুমানিক ১০টার দিকে হোয়াটসঅ্যাপে ফোন করেন ফয়সাল। এ সময় ডিপোর জেট-এ-১ পয়েন্টে কর্মরত কর্মচারীদের কাছ থেকে এককালীন ২০ লাখ টাকা এবং প্রতি মাসে ২ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলে অভিযোগ করেন রফিকুল।

অভিযোগে আরও বলা হয়, চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে ফয়সাল ভয়ভীতি ও খুন-জখমের হুমকি দেন। পরবর্তী সময়েও বিভিন্ন ফোন নম্বর থেকে একইভাবে চাঁদা দাবি ও হুমকি দেওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

মামলার অভিযোগ অনুযায়ী, গত ১ আগস্ট সকাল আনুমানিক সোয়া ১১টার দিকে ফয়সাল অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে সঙ্গে নিয়ে গোদনাইল ডিপোর জেট-এ-১ পয়েন্টে প্রবেশ করেন। সেখানে কর্মীদের কাছে আবারও এককালীন ২০ লাখ টাকা এবং প্রতি মাসে ২ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।

কর্মীরা টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের সঙ্গে মারমুখী আচরণ করা হয় বলে অভিযোগ রয়েছে। একই সঙ্গে চাঁদার টাকা না দিলে ডিপোতে চাকরি করতে দেওয়া হবে না এবং থানায় অভিযোগ বা মামলা করলে হত্যা করে লাশ গুম করার হুমকি দেওয়া হয় বলেও মামলায় অভিযোগ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *