সিদ্ধিরগঞ্জে ফিল্মি স্টাইলে দিনদুপুরে চুরি

ক্রাইম সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে ফিল্মি স্টাইলে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। আদমজী ছালেহা সুপার মার্কেটের হ্যালো টেলিকম নামের একটি দোকানে দিনদুপুরেই হানা দেয় এক সংঘবদ্ধ চোরচক্র। মাত্র ১১ মিনিটের ব্যবধানে তারা লুট করে নিয়ে যায় নগদ টাকাসহ প্রায় ৭ লক্ষাধিক টাকার স্মার্টফোন।

দোকানের মালিক মো. সোহেল আহম্মেদ জানান, শনিবার রাত সাড়ে ১১টার দিকে প্রতিদিনের মতোই ক্যাশ বাক্সে নগদ টাকা ও মোবাইল ফোন রেখে দোকানে তালা লাগিয়ে বাসায় চলে যান। রবিবার (৮ মার্চ) সকাল সাড়ে ৯টায় দোকানে এসে দেখেন নিজের লাগানো তালার বদলে শার্টারে ঝুলছে সম্পূর্ণ অচেনা একটি নতুন তালা।

সন্দেহ হওয়ায় তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন তিনি। দেখতে পান, ক্যাশ বাক্স সম্পূর্ণ ফাঁকা। উধাও হয়ে গেছে নগদ ১ লক্ষ ৮৭ হাজার টাকা এবং রেডমি, অপো, রিয়েলমি, টেকনো ও সিম্ফনির মতো নামিদামি ব্র্যান্ডের অন্তত ২৬টি স্মার্টফোন। সব মিলিয়ে তার ক্ষতির পরিমাণ প্রায় ৭ লক্ষ ১২ হাজার টাকা।

চুরির আসল চিত্রটি ধরা পড়ে দোকানের সিসিটিভি ক্যামেরায়। ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, রবিবার সকাল ৮টা ৫২ মিনিট থেকে ৯টা ০৩ মিনিট এই ১১ মিনিটের মধ্যেই পুরো চুরির ছক বাস্তবায়ন করা হয়। ৫ সদস্যের একটি সংঘবদ্ধ চক্র এই অপারেশনে অংশ নেয়। এর মধ্যে ২ জন অত্যন্ত সুকৌশলে দোকানের ভেতরে ঢুকে নগদ টাকা ও দামি সেটগুলো ব্যাগে ভরে নির্বিঘ্নে হেঁটে বেরিয়ে যায়।

এ ঘটনায় দিশেহারা দোকান মালিক মো. সোহেল আহম্মেদ বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানানো হয়, খোয়া যাওয়া ফোনের মধ্যে রেডমি নোট-১৫, অপো এ-৬ প্রো, রিয়েলমি সি-৮৫ প্রো-এর মতো লেটেস্ট মডেলের ডিভাইস রয়েছে।

বিষয়টি নিয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বাকির জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অপরাধীদের শনাক্ত করার জোর চেষ্টা চলছে। চোরাই মাল উদ্ধার ও জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

তবে সকালবেলায় এমন ব্যস্ত একটি মার্কেটে এমন দুঃসাহসিক চুরির ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। তাদের নিরাপত্তা নিয়ে দেখা দিয়েছে নতুন শঙ্কা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *