
সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেলযোগে ছিনতাই করতে গিয়ে গণপিটুনিতে রিদয় (২৬) নামে এক যুবক নিহত হয়েছে। এসময় নিহতের সঙ্গে থাকা দুই সহযোগী ছিনতাইকারী মোটরসাইকেল রেখে দৌড়ে পালিয়ে যায়।
পরে উত্তেজিত জনতা ছিনতাইকারীদের সঙ্গে থাকা ব্যবহৃত মোটরসাইকেলটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। রোববার (৮ মার্চ) সকাল ৬টার দিকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি কড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের সাথে ১টি ছুরি ও ১টি চাপাতি ছিল। সে রাজশাহীর নুরুল হুদার ছেলে। সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় ভাড়া থাকতো।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেলযোগে তিনজন ছিনতাইকারী এসে ধারালো অস্ত্র হাতে এক পথচারীকে আটকে ছিনতাই করার চেষ্টা করলে স্থানীয় জনতা তাদেরকে আটকের চেষ্টা করে। পরে একজনকে আটক করতে সক্ষম হলেও ছিনতাইকারী দলের অপর দু’জন দৌড়ে থেকে পালিয়ে যায়। পরবর্তীতে আটক হওয়া ওই ছিনতাইকারীকে ক্ষুব্ধ জনতা গণধোলাই দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই জনতার গণপিটুনিতে ছিনতাইকারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা পক্রিয়াধীণ।

