শীতলক্ষ্যার তীরে বিআইডব্লিউটিএ’র দৃষ্টিনন্দন ইকোপার্ক নির্মাণ

জেলাজুড়ে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পানিরকল এলাকায় শীতলক্ষ্যার তীরে বিআইডব্লিউটিএ’র উদ্যোগে দৃষ্টিনন্দন ইকোপার্ক নির্মাণ করা হয়েছে। বর্তমানে ইকোপার্কে যাতায়াতের জন্য সড়ক নির্মাণের কাজ চলছে।

মঙ্গলবার সড়ক নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদী বন্দরের কর্মকর্তারা। এসময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক ইসমাইল হোসেন, উপ পরিচালক মোবারক হোসেন মজুমদার এবং অন্যান্য কর্মকর্তাগণ।

বিআইডব্লিউটিএ’র উপ পরিচালক মোবারক হোসেন মজুমদার জানান, সিদ্ধিরগঞ্জের পানিরকল এলাকায় শীতলক্ষ্যার তীরে পৌনে ২ একর জমিতে ইকোপার্ক নির্মাণ করা হয়েছে। তিনি বলেন, নির্মাণ কাজের অগ্রগতিতে কিছু অবৈধ দখলদাররা মামলা ও বাধা সৃষ্টি করেছিল, তবে এলাকাবাসীর সহযোগিতায় সকল বাধা নিরসন করা সম্ভব হয়েছে এবং সড়ক নির্মাণ কাজ শুরু হয়েছে। সড়ক নির্মাণ কাজ শেষ হলে ইকোপার্কটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে।

বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক ইসমাইল হোসেন জানান, ইকোপার্কে দর্শনার্থীদের জন্য বিভিন্ন ধরনের বিনোদনের ব্যবস্থা থাকবে। এছাড়া ইকোপার্কে বসে শীতলক্ষ্যা নদীর তীরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন পর্যটকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *