ফোন কেনার জন্য নিজ বাড়িতে ডাকাতির নাটক, ৩ কিশোর গ্রেপ্তার

ফোন কেনার জন্য নিজ বাড়িতে ডাকাতির নাটক, ৩ কিশোর গ্রেপ্তার

আড়াইহাজার ক্রাইম জেলাজুড়ে সারাদেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মোবাইল ফোন ও ফ্রি ফায়ার গেমসের আইডি কেনার জন্য দুই বন্ধুকে নিয়ে নিজ বাড়িতে ডাকাতির নাটক সাজিয়েছে এক কিশোর। এই ঘটনায় নগদ টাকা ও স্বর্ণালংকারসহ তিন কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে গ্রেফতারের পর তাদের জিজ্ঞাসাবাদে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। শনিবার (৬ ডিসেম্বর) তাদের কারাগারে পাঠানো হয়।

গ্রেফতার এক কিশোরের বাবা বলেন, ‘আমার ছেলে অষ্টম শ্রেণির শিক্ষার্থী। কিছু বখাটে বন্ধুর পাল্লায় পড়ে এ কাজ করেছে। মোবাইল কিনে গেম খেলার জন্য তারা এ নাটক সাজিয়েছে। ঘটনা প্রকাশের পর তাদের কাছ থেকে ২ লাখ ৭৫ হাজার টাকা ও দুই ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে।’

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, গত ২৪ নভেম্বর কাঞ্চন এলাকায় দুপুরে ওই কিশোরের হাত-পা বেঁধে মারধর করে আলমারি ভেঙে নগদ ১০ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা- এমন অভিযোগে কিশোরের বাবা বাদী হয়ে থানায় ডাকাতির মামলা করেন।

তিনি জানান, শুক্রবার রাতে ভুক্তভোগী কিশোরের এক বন্ধু নতুন মোবাইল কিনে ফেললে পরিবারের সদস্যরা টাকার উৎস জানতে চান। তার জবাবে সন্দেহ তৈরি হলে স্থানীয়রা তিন কিশোরকে আটক করে মারধর করলে তারা ডাকাতির নাটকের কথা স্বীকার করে। তাদের কাছ থেকে ডাকাতি হওয়া ২ লাখ ৭৮ হাজার টাকা ও ২ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার তিন কিশোর স্বীকার করেছে যে, নতুন মোবাইল ফোন ও ফ্রি ফায়ার গেমসের আইডি কেনার টাকার জন্যই তারা বাড়িতে ডাকাতির নাটক সাজিয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *