মাইনুল আহসান নোবেল

আলোচিত কণ্ঠশিল্পী নোবেল সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেফতার

ক্রাইম জাতীয় জেলাজুড়ে ঢাকা বিনোদন সারাদেশ সিদ্ধিরগঞ্জ

 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে আলোচিত কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল-কে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর ডেমরা থানা পুলিশ।

বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে আটকে রেখে হেনস্তা ও আপত্তিকর ছবি তৈরির চেষ্টা করার অভিযোগে দায়ের করা মামলায় তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।

সেই পরোয়ানার ভিত্তিতে সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন বটতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার অফিসার ইনচার্জ সাইফুর রহমান বলেন, নোবেলের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে আটকে রেখে হেনস্তার অভিযোগে মামলা রয়েছে। ওই মামলায় আদালত থেকে তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়। সেই ওয়ারেন্টের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, নোবেল বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

ব্যক্তিগত নানা আচরণের কারণে বিভিন্ন সময়ে আলোচিত হন। একাধিক বিয়ে করেও আলোচনায় এসেছিলেন এই গায়ক। কিন্তু কোনো সংসারই স্থায়ী হয়নি। ২০১৯ সালে সালসাবিল মাহমুদকে বিয়ে করে আলোচনার সৃষ্টি করেন নোবেল। কিন্তু মাদক ত্যাগ না করায় সে সংসার টেকেনি। এরপর ২০২৩ সালের শেষে ফের নোবেলের বিয়ের খবর সামনে আসে।

অন্যদিকে, দুই বছর আগেও নোবেলকে গ্রেফতার করেছিল পুলিশ। সেবার প্রতারণার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল। একটা অনুষ্ঠানে যাওয়ার কথা বলে টাকা নিয়েছিলেন নোবেল। কিন্তু পরে আর তিনি সেই অনুষ্ঠানে উপস্থিত হননি। এ ঘটনায় ২০২৩ সালে নোবেলের বিরুদ্ধে মামলা করা হয়।

প্রসঙ্গত, ভারতের পশ্চিমবঙ্গের জি বাংলার গানের শো সা রে গা মা পা’য় অংশ নিয়ে সবার নজরে আসেন নোবেল। তার গান দর্শকের মনে স্থান করে নেয়। পরে তার বেশ কিছু গান জনপ্রিয়তা পায়। তবে ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই তাকে ঘিরে আলচনা-সমালোচনা ছিল। একটা সময় দেশের বিভিন্ন স্থানে শো করতে গেলেও সেখানেও তাকে নিয়ে সমালচনা হয়। ২০২৩ সালে কুড়িগ্রামে একটি অনুষ্ঠানে গান গাইতে গিয়ে উচ্ছৃঙ্খল আচরণ করেন তিনি। কুড়িগ্রাম ফুলবাড়ী ডিগ্রি কলেজের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে নোবেলের আচরণে বিরক্ত হয়ে দর্শকরা জুতা ও পানির বোতল ছুড়ে মারেন শিল্পীর দিকে। সেই ঘটনাটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *